বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ২০:৩৯ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫ ২০:৪৫ পিএম
কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার সংবাদ প্রকাশ ও মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিক শাফির ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক কারবারির একটি দল। বুধবার (৪ জুন) দুপুরে দুর্গাপুর গোমতীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত শাফি কুমিল্লা জেলা প্রতিনিধি (বাংলাদেশ সমাচার) ও বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক।
আহত সাংবাদিকের দাবি, হামলাকারীরা তার কাছ থেকে কোরবানির পশু কেনার জন্য সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সাংবাদিক শাফি জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে গোমতী নদীর চর ও তার অফিস সংলগ্ন এলাকায় মাদক সেবন করে আসছিল। তাদের এ কার্যকলাপে তিনি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়। সম্প্রতি চরাঞ্চলে অবৈধভাবে মাটি কাটা নিয়ে সংবাদ প্রকাশ করলে তাকে নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। বুধবার দুপুরে কোরবানির গরু কিনতে বাবুবাজার যাওয়ার পথে গোমতীর আইল এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। তারা বেধড়ক মারধর করে এবং সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা গোমতী নদীর এলাকা থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারীদের মধ্যে ছিলেনÑ দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িমসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যাক্তি।
ঘটনার পর কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আহতের মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।