ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫ ২০:৫৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫ ২১:০৩ পিএম
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আনসার-ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে ফেনী জেলা কার্যালয়ে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন।
জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন বলেন, ‘প্রতি ঈদের মতো এবারও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সারা দেশের মতো ফেনীতেও ১৯৬ আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মধ্যে এ উপহার দেওয়া হয়েছে।
উপহারসামগ্রী মধ্যে রয়েছেÑ ১ কেজি পোলাও চাল, সেমাই সাধারণ ২ প্যাকেট, লাচ্চা ২ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডলস, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১টি ব্যাগসহ ৯ প্রকার খাদ্য উপহার।
ঈদ উপহারসামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগাপ্লুত হন ও মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। আনসার ভিডিপির সদস্যরা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনায় জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি মানবকল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগে তৃণমূল পর্যায়ের সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবেন বলে জানান জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীন।
বিতরণ অনুষ্ঠানে জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা সানেয়ারুল আলম, টিআই দিলরুবা, হিসাবরক্ষক সরোয়ার হোসেনসহ আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।