পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫ ২১:০২ পিএম
পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে কাগজিয়াপাড়া ঈদগাছ মাঠ সংলগ্ন কবরস্থানে এ ঘটনাটি ঘটে। সোমবার (২ জুন) সকালে স্থানীয় এক ব্যক্তি কবরস্থানে গিয়ে কবর খোঁড়ার চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
জানা গেছে, পঞ্চগড় সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স ও কাগজিয়াপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থান থেকে পাঁচজন মৃত ব্যক্তির কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া কঙ্কালের মধ্যে রয়েছেনÑ ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় (১৫), দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম (৭০), তোজো (৮০) এবং এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)।
সোমবার সকালে তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে কবরস্থানে ছুটে আসেন এলাকাবাসী ও স্বজনরা।
স্থানীয়রা জানান, রবিবার রাতে দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি কবরের ওপর কালো রঙের একটি লুঙ্গিও পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, আমি প্রতিদিন সকালে বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যাই। সোমবার সকালে এসে ৫টি কবরের মাটি খোঁড়া দেখে বিষয়টি কবরস্থান কমিটি ও স্থানীয়দের অবগত করি। দুলাল নামে এক ব্যক্তি বলেন, আমার বাবা ও ভাতিজাকে এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। সকালে খবর পাই তাদের দুইজনসহ মোট ৫ জনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন অমানবিক কাজ যে করেছে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।
কবরস্থান কমিটির সহ-সভাপতি হাসিবুল করিম বলেন, এই কবরস্থানটি অরক্ষিত। অনেক সময় রাতে মাদক সেবনকারীরা এখানে আসে। এর আগেও জেলায় এ ধরনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পুলিশি নজরদারি বাড়ানো জরুরি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।