× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টম দিনেও সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, তীব্র হচ্ছে নিত্যপণ্যের সংকট

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৯:০১ পিএম

অষ্টম দিনেও সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, তীব্র হচ্ছে নিত্যপণ্যের সংকট

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় অষ্টম দিনেও স্বাভাবিক হয়নি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল। ফলে দ্বীপে নিত্যপণ্যের সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে দ্বীপের এক হাজার পরিবারকে নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার (২ জুন) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি বলেন, সোমবার সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপে এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি আটা, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে গত শনিবার সেন্টমার্টিন দ্বীপে চারিদিকের বিভিন্ন পয়েন্টে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে। এতে করে ৫০ থেকে ৬০টি বসতবাড়ি প্লাবিত হয়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়া সৈকতের ইনানী খাল কেটে দেওয়ায় জোয়ারের পানি সাগরে নেমে গেছে। এতে মানুষের ভোগান্তি কিছুটা কমলেও দ্বীপের সঙ্গে নৌযান চলাচল স্বাভাবিক হয়নি। অষ্টম দিনের মতো টেকনাফের সঙ্গে সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে নিত্যপণ্য সামগ্রীর সংকট আরও প্রকট হচ্ছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী সার্ভিস মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, সোমবার সারাদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল থাকায় টানা অষ্টম দিনের মতো নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নৌযান চলাচল শুরু হবে।

সার্ভিস ট্রলার টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ পৌরসভার কাযুকখালীয়া খালের ঘাটের টেকনাফে আটকে পড়া লোকজন সেন্টমার্টিন যাওয়ার জন্য টিকেট কাউন্টারে এসে ভিড় করছিলেন।  কিন্তু সাগর উত্তাল থাকায় কোনো নৌযান সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়নি। অনেকে বিমুখ হয়ে ফিরে গেছেন।

দ্বীপের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, দ্বীপে তরি-তরকারি বলতেই কিছুই নেই। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সংকট দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল স্বাভাবিক হয়নি। রবিবার চেষ্টা করে সার্ভিস ট্রলার পাঠানো হলেও মাঝপথ থেকে ফেরত এসেছে।

সবশেষ গত ২৫ মে সেন্ট মার্টিনে পণ্যভর্তি নৌযান গেছে। ওই দিন বিকেলে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। আটদিন পরও স্বাভাবিক হয়নি নৌযান চলাচল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা