জামালপুর ও ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ২২:০২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫ ২২:৩৪ পিএম
জামালপুর ও ময়মনসিংহ থেকে গত শুক্রবার ও শনিবার (৩১ মে) যৌথ বাহিনী হতদরিদ্রদের জন্য ৬৬৭ সরকারি বরাদ্দতকৃত চাল উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি (ভিজিএফ) চাল। শুক্রবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা এলাকায় অভিযান চালিয়ে মোট ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান চালায়। উদ্ধার হওয়া চালের প্রতিটি বস্তা ৩০ কেজি ওজনের এবং সবগুলোতেই সরকারি সিল ও চিহ্ন পাওয়া গেছে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বাড়িতে সরকারের দেওয়া চাল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। এরপর যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারি ত্রাণ কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিত করতে সেনাসদস্যদের নিয়মিত নজরদারি রয়েছে।’
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিজিডি ও ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এতে ২৭৬০ কেজি চাল রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শনিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকার আইনাল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে চাল জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রকনুজ্জামান বলেন, সরকারিভাবে বিতরণের জন্য ভিজিডি ও ভিজিএফের চাল হয়তো কারও কাছ থেকে কিনে মজুদ করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে আইনাল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’