শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫ ২০:১৮ পিএম
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় তারা কারখানার সামনে অবস্থান নিয়ে মাওনা-শৈলাট আঞ্চলিক সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
এ সময় সড়কে চলাচলকারী ছোট ছোট যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বৃষ্টি শুরু হলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আশপাশের দোকান ও কারখানার ভেতরে অবস্থান নিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
শনিবার (৩১ মে) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সকাল ১০টার দিকে এপ্রিল ও মে মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে কারখানার বাইরে এসে সড়কে অবস্থান নিয়ে মাওনা-শৈলাট আঞ্চলিক সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখেন।
শ্রমিক রোজিনা, শাহীনূর ও রাসেল বলেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করছে মালিক। একসময় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ করে রাখে। অর্থনৈতিক সংকটের অজুহাতে কারখানা ছুটি ঘোষণা করে। গত বৃহস্পতিবার বকেয়া বেতনসহ বোনাস পরিশোধের আশ্বাস দিলেও শুধু বোনাস পরিশোধ করেছে। সামনে ঈদ। ঘর ভাড়া, দোকান বাকি রয়েছে, ছেলেমেয়েদের কেনাকাটা কিছুই করতে পারি নাই। দুই মাসের বকেয়া না দিলে আমরা এবার ঈদ করতে পারব না।
গাজীপুর শিল্পপুলিশের ইন্সপেক্টর (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করেনি। তাই শ্রমিকেরা তাদের পাওনা পরিশোধের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে।
এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার প্রশাসনিক (অ্যাডমিন ম্যানেজার) ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে।