গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫ ২০:০৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫ ২০:১৭ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধ ড্রেজিং ও ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
অভিযানে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুন্সিবাড়ি সংলগ্ন বিশ্বনাথ কবিরাজের পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেখানে ড্রেজিং মেশিনের পাইপ ভেঙে ধ্বংস করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাটারি জব্দ করা হয়। এ ছাড়াও পৌরসভার ৯নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় ফসলি জমি থেকে ৩-৪ দিন ধরে মাটি কাটার দায়ে একটি এক্সকাভেটর (ভেকু) বিকল করা হয় এবং অপর ভেকুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও নাহিদুর রহমান বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি পরিবেশ ও সড়ক নিরাপত্তার জন্য হুমকি। অভিযানে মাটি উত্তোলনে জড়িতদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।