× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাঁটিয়ে ফিরে গেল বিএসএফ

কুড়িগ্রাম ও দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৭:২৬ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ২০:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজ দেশের পুশইন করা ব্যক্তিদের ভারতে নিয়ে যায়। এদিকে দিনাজপুরের বিরল এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

জানা গেছে, গত এক সপ্তাহে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের ধরে এনে দ্বিতীয় দফায় বাংলাদেশের পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। সব মিলিয়ে সীমান্ত জুড়ে অবৈধ অনুপ্রবেশ ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। 

বুধবার (২৮ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রৌমারী সদর ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কিছু নাগরিককে ধরে এনে পুশইন করার দৃশ্য দেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাবাসী চিৎকার করছিল।

পরে আর পুশইন করতে না পেরে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ। 

চান্দারচর সীমান্তের স্থানীয় বাসিন্দা মামুন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উঠছে। গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তায় রেখেছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা এসে আমাদের সীমান্ত এলাকায় না থাকার জন্য অনুরোধ করলে পরে আমরা বাড়ি চলে যাই।

রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বলেন, আমাদের বিজিবির টহল সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি এসে কাঁটাতারের কাছে দাঁড়ানো ছিল। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। তবে পুশইনের মতো কোনো ঘটনা নয়। এ ছাড়া বিএসএফ ককটেল বিস্ফোরণ করেনি।

তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ডিউটি করছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।


দিনাজপুর সীমান্তে ১৩ জনকে পুশইন

এদিকে দিনাজপুরের বিরল এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বিরলের কাঁঠালিয়াপাড়ায় ভুক্তভোগীরা এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারণ করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ণনীয় শারীরিক নির্যাতনের শিকার হয়ে অসুস্হ ছিল। বাংলাদেশে ঠেলে দিতে সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে বহু বাংলাভাষীকে জড়ো করছে বলেও তারা জানিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবির এনায়েতপুর বিওপি কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩ জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩ জন নাগরিকের পরিচয় শনাক্তে অনুসন্ধান চালাচ্ছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা