× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

ঘাটে আটকা অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৬:০৯ পিএম

ঘাটে আটকা অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার আটটি রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা এবং ঘাটে আটকা পড়েছে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক। 

বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকাগামী ছাত্রী মো. হারুন ও জাফরসহ বেশ কয়েকজন যাত্রী বলেন, জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ইলিশা ঘাটে এসেছি। এসে শুনছি লঞ্চ-ফেরি চলাচল বন্ধ। অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ নেই। এখন বাড়ি ফিরে যাচ্ছি। 

চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার উদ্দেশ্য ভোলার চরফ্যাশন উপজেলা ও বোরহানউদ্দিন থেকে বিভিন্ন পণ্য নিয়ে ইলিশা ফেরিঘাটে এসেছেন ট্রাকচালক হানিফ ও ইয়াছিন হাসনাইন। তারা বলেন, ‘বুধবার সন্ধ্যায় ইলিশা ঘাটে এসেছি। এসে ফেরি পাইনি। আশা ছিল সকালের ফেরিতে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে গিয়ে সেখান থেকে গন্তব্যে যাব। কিন্তু সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখন ট্রাকের পণ্য নিয়ে চিন্তায় পড়েছি। ওইদিক পণ্যের মালিক দ্রুত পণ্য পৌঁছানোর জন্য ফোনে তাড়া দিচ্ছেন, অথচ আমরা ফেরিঘাটে আটকে আছি। আজ অথবা আগামীকাল সকালের মধ্যে নদী পার না হতে পারলে আমরা নিজেরাও ক্ষতির সম্মুখীন হব। কারণ কোম্পানি আমাদেরকে ট্রিপ হিসেবে খরচ প্রদান করেন। সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে নিজেদের খরচ নিজেরাই বহন করতে হবে।’

বিআইডব্লিউটিএ ভোলা নদীবন্দরের উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ৩নং সতর্কতা সংকেত ও বৈরী আবহাওয়া বিরাজমান থাকায় ইলিশা-ঢাকা, চরফ্যাশন বেতুয়া-ঢাকা, মনপুরা, ইলিশা-মজু, চোধুরীঘাট, ভেদুরিয়া-বরিশালসহ ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৮টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভোলার ৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বিআইডব্লিউটিসির ভোলা ইলিশা ফেরিঘাট ব্যবস্থাপক মো. কাওসার আহমদ বলেন, লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় ভোলার দুই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা