চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৯:০১ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ১৯:০৬ পিএম
প্রবা ফটো
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাসের রায়ের প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।
বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।
এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন জোটের নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হেলমেট পরে এ হামলা চালিয়েছেন।
গতকাল সকালে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন।
জানা যায়, এই রায়ের প্রতিবাদে আজ বিকেল ৪টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে মিছিল ও সমাবেশ ডাকে গণতান্ত্রিক ছাত্র জোট। সেখানে জোটের নেতাকর্মীদের ওপর হামলা হয়।
হামলায় ১২ জন আহত হন। এর মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলার সভাপতি শ্রিকান্ত বিশ্বাস, ধ্রুব বড়ুয়া ও সুদীপ্ত গুহ।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুল হক নিশান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ টি এম আজহার ছিল একজন চিহ্নিত আল বদর কমান্ডার৷ তাকে যুদ্ধাপরাধের দণ্ড থেকে খালাস দেওয়া হলো। এটা একটা প্রহসনের রায়। এর প্রতিবাদে আমরা প্রেসক্লাবে মিছিল ডাকি। ৪টার দিকে শিবিরের একদল সন্ত্রাসী হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা পুলিশের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চলায়।’
তিনি আরও বলেন, ‘হামলায় আমাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন নারী কমরেডও আছেন। তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি আহতদের হাসপাতাল নেওয়ার পথেও সন্ত্রাসীরা হামলা করেছে। নারী কমরেডদের গায়েও তারা হাত দিয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর (উত্তর) শিবিরের সভাপতি ফখরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক তানজিত হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাদের সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রেসক্লাবে একটা হামলার ঘটনা ঘটেছে। এই মুহুর্তে আমি ব্যস্ত আছি। এই বিষয়ে পরে কথা বলব।’
গতকাল রাতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই হামলা চালান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।