× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত তিন বছরের ‘যুবরাজ’

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১০:৩৯ এএম

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত তিন বছরের ‘যুবরাজ’

নোয়াখালীর চাটখিল উপজেলার মির্জাপুর গ্রামের জয়নাল আবেদীনের খামারে বেড়ে উঠেছে ব্যতিক্রমী এক কোরবানির ষাঁড়। নাম দেওয়া হয়েছে ‘যুবরাজ’। ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের সংকর এই গরুটিকে ভালোবেসে সন্তানের মতো লালন-পালন করেছেন তিনি। দীর্ঘ তিন বছরের পরিশ্রম আর মমতার ফল হিসেবে এবার কোরবানির হাট ‘যুবরাজ’ কাঁপাবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

জানা গেছে, চাটখিল পৌর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে অবস্থিত মির্জাপুর গ্রামে অবস্থিত জয়নালের খামার। গরুটির শরীরজুড়ে লাল-কালো মিশ্র রঙ, সুঠাম গড়ন, শান্ত স্বভাব। গরুটির উচ্চতা ৬ ফুট, দৈর্ঘ্য ৭ ফুট এবং আনুমানিক ওজন প্রায় ৩০ মণ বলে দাবি করেন জয়নাল আবেদীন। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। এই বিশালদেহী গরুটিকে এক নজর দেখতে সকাল-বিকেল ভিড় করছে দূর-দূরান্তের মানুষ। 

জয়নাল আবেদীন বলেন, ‘এই গরুটাকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। তিন বছর ধরে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। খৈল, ভূষি, চালের ক্ষুদ, ভুট্টা আর নেপিয়ার ঘাসেই ওকে বড় করেছি। আমার বিশ্বাস, চাটখিল তো বটেই, পুরো নোয়াখালী জেলায় এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় ষাঁড়।’

তিনি আরও জানান, বিশালদেহী যুবরাজকে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা করতে চিকিৎসকের পরামর্শে ওষুধপত্র ব্যবহার করা হয়েছে। তাছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে প্রস্তুত করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ গরুটি ক্রয় করতে পারবেন। ক্রয় করার পর দেশের যেকোনো প্রান্তে গরুটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমার তরফ থেকে করা হবে। স্থানীয় হাটে ভালো দাম না পেলে যুবরাজকে চট্টগ্রামের বড় কোরবানির হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।

স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম রতন বলেন, জয়নাল ভাইয়ের গরুটি যেমন বড়, তেমনি স্বাস্থ্যবান ও সুন্দর। এমন গরু আমাদের মতো গ্রাম এলাকায় সচরাচর দেখা যায় না। এবারের কোরবানির হাটে ‘যুবরাজ’ দারুণ সাড়া ফেলবে। 

চাটখিল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহাদাত হোসেন বলেন, বিশালদেহী চাটখিলের যুবরাজ নামের গরুটিকে জয়নাল আবেদীন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। চাটখিলের পশুপ্রেমী ও কোরবানিদাতাদের মধ্যে গরুটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ‘যুবরাজ’-এর জনপ্রিয়তা বাড়ছে। দেখা যাক এখন তিন বছরের সাধনার ফল কতটুকু মেটাতে পারে চাটখিলের এই গরুপ্রেমী খামারির আশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা