× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা বন্দরে এমভি সেজুঁতি জাহাজে ডাকাতি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ২২:৫০ পিএম

আপডেট : ২৬ মে ২০২৫ ২২:৫৩ পিএম

মোংলা বন্দরে এমভি সেজুঁতি জাহাজে ডাকাতি

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নোঙর করা বাণিজ্যিক জাহাজ এমভি সেজুঁতিতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ মে) দিবাগত পশুর চ্যানেল এলাকায় অস্ত্রধারী একদল ডাকাত জাহাজে হামলা চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

জাহাজটির প্রধান প্রকৌশলী সিরাজুল হক লিখিত বিবৃতিতে জানান, রবিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে একদল সশস্ত্র ডাকাত এংকর চেইনের ভেতর দিয়ে জাহাজে প্রবেশ করে। তারা রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লাঠিসহ দেশীয় অস্ত্রের মুখে ৭ জন নাবিক ও কর্মচারীকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা ইঞ্জিন রুমসহ জাহাজের বিভিন্ন স্থান থেকে স্পেয়ার পার্টস, ২০০টি বেয়ারিং, ব্যাটারি, চার্জার, ড্রিল মেশিন, তেলের ড্রাম, গ্যাস ও অক্সিজেন বোতল, কম্পিউটার, চেয়ার, সাবমারসিবল পাম্প, ইলেকট্রিক তার, ৮টি স্মার্টফোন ও নগদ ৭০ হাজার টাকাসহ অন্তত ১৬ ধরনের মালামাল লুট করে ভোর ৫টা ৩০ মিনিটে চলে যায়।

জাহাজের শিপিং এজেন্ট পিএনএন শিপিং লাইন্স-এর কর্মকর্তা আতাউস সালাম সৌরভ বলেন, ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৫০ লাখ টাকার মতো মালামাল লুট করে। এ বিষয়ে মোংলা থানা, বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও নৌপুলিশকে লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ঘটনার কথা শুনেছি, জাহাজ কর্তৃপক্ষ বা শিপিং এজেন্ট কেউ এখনও আমাদের লিখিতভাবে কিছু জানায়নি।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখন পর্যন্ত আমাদের জাহাজ কর্তৃপক্ষ কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে বাণিজ্যিক জাহাজ ‘এমভি সেজুঁতি’ ভারত থেকে পাথরবোঝাই করে মোংলা বন্দরে নোঙর করে পণ্য খালাস শেষ করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে এটি বন্দরে আটকে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা