জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ২২:৪৮ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫ ২২:৫২ পিএম
জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার বেসরকারি ‘দুবাই হাসপাতাল’-এর চিকিৎসার অবহেলায় রিতু নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ মে) সকাল ৬টায় ওই হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে হাসপাতালে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নিহতের বড় ভাই লাবলু মন্ডল জানান, রবিবার বিকাল ৫টায় রিতুর সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম হয়। মা-মেয়ে দুজনই সুস্থ ছিলেন। রাতের কোনো এক সময় রিতুর খিঁচুনি ওঠে, কিন্তু হাসপাতালে তখন কোনো ডাক্তার বা নার্স উপস্থিত ছিলেন না। সারা রাত যন্ত্রণায় ছটফট করার পর সকালে তার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘রাতে কোনো চিকিৎসক না থাকায় আমার বোন চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এমন অবহেলা ও অযত্নের দায় কাউকে না কাউকে নিতে হবে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, মৃত্যুর পর হাসপাতালের এক কর্মচারী এসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পালিয়ে যান। ঘটনার পর বোনের মরদেহ হস্তান্তর করার জন্য হাসপাতালে কেউ ছিল না। আমার বোনের মৃত্যুর সঠিক বিচার চাই।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুল রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়েই আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি। হাসপাতালের কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।