বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৯:৪২ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫ ২০:০২ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী আকবরকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ মে) রাতে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় রবিবার রাত ১০টার দিকে থানায় ৯ জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন ইউপি চেয়ারম্যান এবং রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা দাবি জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে জোয়াড়ি ইউপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি নিজ বাড়ির দিকে রওনা দিলে ৪-৫টি মোটরসাইকেলে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ একদল লোক তার গাড়িকে ধাওয়া করে। হামলা থেকে বাঁচতে চালক দ্রুত গাড়িটি লোকালয়ে নিয়ে গেলে প্রাণ রক্ষা পাই। তিনি আরও বলেন, এ ঘটনায় আমি ভীত ও আতঙ্কিত। যেকোনো সময় নৃশংসভাবে হত্যার শিকার হতে পারি। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই।
সাধারণ ডায়েরিতে উল্লিখিত অভিযুক্তরা হলেনÑ নাটোরের দত্তপাড়ার যুবদল নেতা জুয়েল ও রাজীব, বড়াইগ্রাম পৌর যুবদল সভাপতি আব্দুল খালেক, কায়েমকোলার যুবদল নেতা আরিফ ও ইকবাল, জোয়াড়ি ইউপি যুবদলের সভাপতি হুমায়ুন কবীর রান্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জোয়াড়ি ইউপি ছাত্রদলের সভাপতি রাকিব, গাফফার ও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান মাস্টার, জোয়াড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।