কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৯:১৪ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫ ১৯:৩৭ পিএম
ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক প্রকল্পের অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজার মূল্য এবং ক্ষতিগ্রস্ত স্থাপনার পূর্ণ ক্ষতিপূরণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জমি ও স্থাপনা মালিকরা।
সোমবার (২৬ মে) সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ক্ষতিগ্রস্ত কয়েকশ জমি ও স্থাপনার মালিক। তারা বলেন, প্রায় ৫০ বছর আগের মৌজা মূল্য ধরে ক্ষতিপূরণ দেওয়া হলে আমরা নিঃস্ব হয়ে যাব। মহাসড়ক চাই, কিন্তু ন্যায্য মূল্য ছাড়া নয়।
জমি মালিকরা অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর ধরে নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে, কিন্তু এখনও কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, সরকার পুরোনো মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসবে।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, জমির বর্তমান বাজার মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান। স্থাপনার পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা। ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করা। জেলা পরিষদের জমি বা পরিত্যক্ত গুদাম ব্যবহার করে সড়ক নির্মাণ করা। প্রয়োজনীয় জমি থেকে বেশি জমি অধিগ্রহণ বন্ধ করা। তাদের এসব দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, মাহমুদ রায়হান লাল্টু, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন ও ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম তোহিদ প্রমুখ।