বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০০:৫৪ এএম
গত বছরের ভয়াবহ বন্যায় দায়িত্বশীল ও নিরলস সংবাদ সংগ্রহে অবদান রাখায় ১২ জন সাংবাদিককে সম্মাননা প্রদান
কুমিল্লায় গত বছরের ভয়াবহ বন্যায় দায়িত্বশীল ও নিরলস সংবাদ সংগ্রহে অবদান রাখায় ১২ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর হোটেল রোড স্টার রিসোর্টে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমিন।
এ বছর সন্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আবুল খায়ের (যুগান্তর), খালিদ সাইফুল্লাহ (এখন টিভি), রফিকুল ইসলাম খোকন চৌধুরী ( যমুনা টিভি), মহিউদ্দিন মোল্লা (বাংলাদেশ প্রতিদিন), আবদুর রহমান (প্রথম আলো), জাহিদুর রহমান (চ্যানেল ২৪), তানভীর দিপু (ইনডিপেনডেন্ট টিভি), মাহফুজ নান্টু (এনটিভি), মাসুদ আলম (এখন টিভি) ও ইসতিয়াক আহমেদ (সময় টিভি) ও জহিরুল হক বাবু (কালবেলা/আমাদের কুমিল্লা/কুমিল্লা নিউজ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তার হোসেন, ডা. সফিকুল ইসলাম, ডা. রবিউল পাটোয়ারি রবি, হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় ও জিয়া উদ্দিন আয়ান।
কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের ১ দিনের টিফিনের টাকা সঞ্চয় করে বৃক্ষরোপণ, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।