নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ২২:৫৫ পিএম
নরসিংদীর বেলাবোতে অভিযান পরিচালনার সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত ও অভিযানে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
আসামিরা হলেনÑ উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ (৪৩) অজ্ঞাত আরও ৪০-৫০ জন।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয় এলাকায় ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী আহত হন।
স্থানীয়রা জানান, ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে ও মাদকের ব্যবসা চলে। তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। অভিযান চালানো পুলিশের ওপর তারা হামলা চালিয়েছে।
হামলায় আহত ডিবি পুলিশের উপপরিদর্শক ও মামলার বাদী আব্দুস সালাম বলেন, আমরা নিয়মিত অভিযানে কাশিমনগর এলাকায় যাই। পরে একটি মসজিদ থেকে এসআই জসিমসহ মাগরিব নামাজ পড়ে বের হলে পারভেজ নামে একজন এসে জিজ্ঞেস করে আমরা কারা এবং এখানে কেন এসেছি। তখন আমরা পরিচয় দেয়া মাত্রই ডিবি পুলিশ এখানে কেন আসবে বলেই চিৎকার করে লোকজন জড়ো করে তারা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও বেলাবো থানা পুলিশের সহায়তায় আমরা ওখান থেকে বেরিয়ে বেলাবো হাসপাতালে চিকিৎসা নেই।
নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ডিবি পুলিশের একটি দল বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর এলাকায় অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা সুস্থ আছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে জেলা পুলিশ।