সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ২০:১৫ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫ ২০:২৩ পিএম
মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার ভাগ্নে নিষিদ্ধ সংগঠন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৪ মে) বিকালে সিঙ্গাইর পৌর শহরের গোবিন্দল নতুন বাজার থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। এতে অংশ নেয় নিহতদের পরিবার, স্থানীয় সাধারণ জনগণসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
২০১৩ সালে ইসলামী সমমনা ১২ দলের ডাকা হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গোবিন্দল গ্রামের চারজন নিহত হন। নিহতরা হলেনÑ স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহা আলম। তাদের পরিবার এবং এলাকার মানুষ দাবি করেন, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় ওই চারজন নিহত হন।
গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের বাবা মজনু মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি মমতাজ বেগম ও তার ভাগ্নে শহিদুর রহমানকে প্রধান আসামি করা হয়। মামলায় মোট ১০৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় মমতাজ বেগমকে চার দিন ও শহিদসহ পাঁচজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে শহিদসহ পাঁচজন সিঙ্গাইর থানায় রিমান্ডে রয়েছেন।
বিক্ষোভ শেষে থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান জাহিনুর রহমান সৌরভ। তিনি মমতাজ বেগম ও শহিদুর রহমানের ফাঁসি এবং অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মো. রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক মুন্না, সদস্য সচিব মিল্টন মাহমুদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলমাছ হোসেন, সদস্য সচিব হৃদয় আহমেদ, উপজেলা যুবদল নেতা শেখ সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।