মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫ ২০:০৮ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে হোসাইন (৭) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিয়ান ওরফে মাহিমকে (২০) আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ মে) সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুদিন পর ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হোসাইন টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকালে খেলার উদ্দেশ্যে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরে তারা জানতে পারেন ওইদিন বিকালে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে সাইকেলে ওই শিশুকে ঘুরতে দেখা গেছে। বিষয়টি পুলিশকে অবগত করে নিহতের পরিবার। পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেখানো স্থান থেকে রবিবার সকাল ৯টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিয়ান স্বীকার করে শিশু হোসাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। হত্যার পরে লাশ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ি সংলগ্ন জঙ্গলে ফেলে রাখে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।