× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ ১৬:৫৮ পিএম

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন, গাইবান্ধা জেলার পারধুন্দিয়া গ্রামের খাজা মিয়া, হরিনাথপুর বিষপুকুর গ্রামের এনামুল, দরগাপাড়া গ্রামের মোজাহিদ, পারধুন্দিয়ার বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের সাইদুল ইসলাম এবং রামনগর (হাটবাড়ি) গ্রামের মিলন সরকার। তারা সবাই পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) এসব তথ্য জানিয়েছেন।

হত্যার শিকার সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের আব্দুর রহমানের ছেলে। ২০১৭ সালের ১২ আগস্ট সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১০ অগাস্ট নওগাঁর চরগৌরী হাট থেকে সবজি নিয়ে ব্যবসায়ী নাজমুল ইসলাম ঢাকার বাইপাইল এলাকার একটি আড়তে বিক্রি করেন। ১১ অগাস্ট রাত ৩টার দিকে চন্দ্রা এলাকা থেকে একটি কালো রংয়ের মাইক্রোবাসে নাজমুল ইসলামকে অপহরণ করা হয়। এরপর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

১২ অগাস্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বজনরা। কিন্তু সকালে তারা জানতে পারেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা তার লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলা চলা অবস্থায় গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের এলাহী মুন্সির ছেলে সাইফুল ইসলামের মৃত্যু হয়। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা