গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ ১৫:৫৮ পিএম
আপডেট : ২০ মে ২০২৫ ১৬:৪০ পিএম
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন তিনি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুসরাত ফারিয়ার জামিনের কাগজ দুপুরের দিকে কারাগারে পৌঁছয়। তা যাচাই-বাছাই শেষে ৩টা ২৮ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
তার জামিন মঞ্জুর হওয়ার পর তার বোনসহ পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের সামনে অপেক্ষা করেন।
গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন সকালে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই সঙ্গে বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক। নির্ধারিত শুনানির দুই দিন আগেই জামিন পেলেন এই অভিনেত্রী।
এ মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়।