× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামপুরে জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গিয়ে আহত ২০

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৫ ২২:২১ পিএম

ইসলামপুরে জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গিয়ে আহত ২০

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর চাড়িয়া গ্রামে আদালতের বিচারাধীন একটি জমি জোরপূর্বক দখল করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানা গেছে, চর চাড়িয়া গ্রামের প্রায় শতবছরের পুরোনো ৭ একর ২৩ শতাংশ কৃষিজমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে স্থানীয় জামাল উদ্দিনের পরিবারের। বর্তমানে সেই জমিতে ধান পাকতে শুরু করেছে এবং কিছু অংশ ইতোমধ্যেই কাটা হয়েছে। এ অবস্থায় স্থানীয়ভাবে পরিচিত ভূমিদস্যু বাক্কার আলীর নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে ধান কেটে নেয় এবং জমিতে টিনের ঘর নির্মাণ করে।

জমি দখলের প্রতিবাদ জানাতে গেলে জামাল উদ্দিনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন শরিফ উদ্দিন (৩২), নওশী পারভীন (১৮), শারমিন (৪০), শাহিদা বেগম (৪২), মোস্তফা (৩৪), কাউছার (১৮), সাইফুল (৪০), হাফিজুর (৫০), সবুজসহ (৩২) অন্তত ২০ জন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, আমাদের পূর্বপুরুষের আমল থেকে আমরা এই জমিতে চাষাবাদ করে আসছি। আজ হঠাৎ শতাধিক লোকজন এসে আমাদের জমিতে ঘর তুলতে শুরু করে। বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয়। এখন আমরা নিজের জমিতে যেতে পারছি না, এমনকি বাড়ি থেকেও বের হতে ভয় পাচ্ছি।

আব্দুল খালেক নামে আরেক ভুক্তভোগী বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু বিচারাধীন জমিতে জোরপূর্বক দখল সম্পূর্ণ অবৈধ। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দখলদারদের উচ্ছেদ করে আমাদের চাষাবাদ নিশ্চিত করুক।

বাক্কার আলীর পক্ষ থেকে কেউ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় শহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা