× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনু মিয়ার ঘোড়াটিকে মেরে ফেলল দুর্বৃত্তরা

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৯:৫৫ এএম

আপডেট : ১৯ মে ২০২৫ ১৯:১১ পিএম

মনু মিয়ার ঘোড়াটিকে মেরে ফেলল দুর্বৃত্তরা

মানুষের শেষ ঠিকানার কারিগর গোরখোদক মো. মুনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কারও মৃত্যু সংবাদ শোনামাত্রই কুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। কবর খননের কাজ করে পার করেছেন তার ৬৭ বছরের জীবনের ৪৯টি বছর। পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। এদিকে তার অসুস্থতার সুযোগে চলার পথে সাথী ঘোড়া ‘বাহাদুর’কে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী তিনি। গত বুধবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে, স্বামীর পাশে আছেন স্ত্রী রহিমা বেগম।

এদিকে বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখালের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখে পালিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয় ঘোড়াটির। পরদিন শুক্রবার সকালে হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশের জমির পানির মধ্যে ঘোড়াটি মৃতদেহ পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাই ও তিন বোনের সংসারে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি ১৪টি ঘোড়া কিনেছেন। আর এজন্য বিক্রি করতে হয়েছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার ও কবর খোঁড়ার কাজ। একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে হাওরের বিভিন্ন উপজেলাসহ খোদ রাজধানীতে। মনু মিয়া এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তাদের মৃত্যুর দিন-তারিখ সব লিখে রাখেন নিজের ডায়েরিতে।

মনু মিয়ার প্রতিবেশী খাইরুল ইসলাম বলেন, মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন। তার অনুপস্থিতিতে তার প্রিয় ঘোড়াটিকে এভাবে দুর্বৃত্তরা মেরে ফেলল। এ অপরাধের কঠিন বিচার হওয়া উচিত।

মনু মিয়ার স্ত্রী রহিমা বেগমের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমার স্বামীর অবস্থা খুব বেশি ভালো না। এতদিন জানতাম উনাকে মানুষ ভালোবাসে। উনার এমন খারাপ অবস্থায় কী করে এমনভাবে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলতে পারল।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার জানান, মিঠামইন থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা