রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:৩০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫ ২০:৩৮ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বিধবা বৃদ্ধার মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে কেটে ফেলা হয়েছে তার লাগানো ফলদ ও বনজ গাছপালা, ভাঙা হয়েছে স্থাপনা। অভিযুক্তরা একই গ্রামের ইউছুফ আলী ভূঁইয়া বাড়ির সোহেল, নিশাদ, মাসুদ ও ইমরান ভূঁইয়া।
রবিবার (১৮ মে) সকালে ভুক্তভোগী রওশন আরা বেগমের ক্রয়কৃত জমির ওপর দিয়ে অনুমতি বা কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই রাস্তা নির্মাণের কাজ শুরু করেন অভিযুক্তরা। তিনি অভিযোগ করে বলেন, আমি একজন বৃদ্ধা বিধবা নারী। আমার সন্তানরা বিদেশে থাকে। আমি পুত্রবধূদের নিয়ে বসবাস করি। কিন্তু তারা জোরপূর্বক আমার বসতঘর, শৌচাগার ও গাছপালা ভেঙে দিয়েছে। অথচ সালিশি বৈঠকে ও আমিন এসে সিদ্ধান্ত দিয়েছে, এই জমি রাস্তার উপযোগী নয়। ঘটনার সময় মোহাম্মদীয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা নির্মাণ ও গাছ কাটা বন্ধ করেন।
অভিযুক্ত ইমরান হোসেন বলেন, ৬০৪ দাগের জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের কথা রয়েছে। আমরা তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি না হওয়ায় বাধ্য হয়ে গাছ কেটে রাস্তা নির্মাণ শুরু করেছি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং এর আগেও এ নিয়ে গ্রামে উত্তেজনা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রওশন আরা বেগম রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।