রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫ ২০:৩৪ পিএম
চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ ফোরকান (৫২) নামে এক যুবলীগ কর্মীকে মাথা ন্যাড়া করে গলায় ঝাড়ু-জুতার মালা পরিয়ে সারা এলাকা হাঁটিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় কয়েকজন যুবক। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মুহাম্মদ ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি মুনিরীয়া যুব তবলীগ কমিটির নামে ত্বরিকত ভিত্তিক একটি সংগঠনের কার্যালয় ভাঙচুর মামলার আসামি।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করে। এরপর তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেন। পরে তাকে এলাকায় ঘুরিয়ে শেষে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রেখেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ত্বরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে।