মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ২০:০২ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫ ২০:১৫ পিএম
শ্রম ও কর্মসংস্থান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক কিছু আমাদের মন্ত্রণালয়ের আওতায় নেই। তবু চেষ্টা করব চা শ্রমিকদের সব সমস্যার সমাধান করার।
শনিবার (১৭ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা শ্রমিক নেতারা তাদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা বৈষম্যের কথা জানালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নিলামে চায়ের মূল্যবৃদ্ধির জন্য চা বোর্ডের সঙ্গে কথা বলে চেষ্টা করা হবে। যখন চায়ের মূল্যবৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে। শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রেখে চা বাগান মালিক বিদেশ গিয়ে আনন্দে উৎসবে জীবন কাটাবে তা হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন,শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশরুমের ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশরুম না থাকার চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক, শ্রীমতী বাড়াইক, গীতা রানী কানু প্রমুখ।