গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৭:১৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫ ১৭:১৭ পিএম
প্রবা ফটো
গাজীপুরে একটি কারখানায় পানি পান করার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডে এ ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো আজও কাজে যান ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা৷ তাদের অনেকে কারখানায় সাপ্লাই করা পানি পান করেন। এরপর তাদের পেটে ব্যথা শুরু হয়। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, আমাদের কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই পানি পান করে। এরপরেই তারা অসুস্থ হয়ে যান৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কেএম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাই পানি পান করেন। আজ তারা কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিবভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।