চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মে ২০২৫ ২১:৩৬ পিএম
রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের দ্বিতীয় বৃহত্তম সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে ) ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতারা।
বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ এবং আবাসন সংকট নিরসনের দাবিতে গত বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ হামলার ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধের শামিল। অথচ শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে তাদের দাবিদাওয়া শুনতে বড় মন নিয়ে উপস্থিত হয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের একজন প্রতিনিধির ওপর এ ধরনের হামলা দেশকে অস্থিতিশীল করার অংশ হয়ে থাকতে পারে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের হামলার সঙ্গে চারদিকে গজিয়ে ওঠা নব্য ফ্যাসিবাদীদের হাত রয়েছে কি না তা জোর তদন্তের দাবি রাখে।