চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মে ২০২৫ ২১:২৭ পিএম
তেল সেক্টর দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিজমের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)) এবং অঙ্গপ্রতিষ্ঠানে দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়ভাবে চরম বৈষম্য করা হয়েছে। ৩৬ জুলাই তথা আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক নেতাদের দুর্নীতিমুক্ত থেকে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নগর সভাপতি এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মহানগরীর সহসভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামীর ৪০নং ওয়ার্ডের আমির মুহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।