রংপুর অফিস
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫ ১৯:২৯ পিএম
বিড়ি শিল্পের ওপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার (১৫ মে) নগরীর সুরভী উদ্যানের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের রংপুর অঞ্চলের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, তারিক হোসেন, নাজিম উদ্দিন, আব্দুল গফুর, শামীম ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লাখ সুবিধাবঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই শিল্পকে ধ্বংস করতে বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক প্রত্যাহার এবং বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।