ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৯:১৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫ ১৯:২৭ পিএম
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদে তাকে আটক করা হয়। তাকে রাতেই ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়। আটক মো. জয়নাল আবেদীন (৪০) উত্তর যশপুর মুন্সী আবুল খায়েরের ছেলে।
বিজিবি যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানায়, আটককৃত জয়নাল গত ২০ দিন ধরে ভারতীয় সীমান্তে অবস্থান করে মোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করেন। এ সময় তিনি নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএসআই কর্মকর্তা বলে সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে বলে দাবি করে সতর্ক অবস্থান নিতে চাপ সৃষ্টি করে। বেশ কিছুদিন মোবাইলে ভুল তথ্য দিয়ে চোরাচালান কারবারিদের সঙ্গে হাত করে সীমান্তে কারবার চালিয়ে যাচ্ছেন। পরে বিজিবির সন্দেহ হলে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক যুবক নিজেকে গত কয়েকদিন ধরে ফোন দিয়ে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানি করেন। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।