সোনারগাঁ
কামরুল ইসলাম, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৬:৩৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫ ১৬:৩৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী থেকে শান্তির বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার অন্তত ২৫-৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ।
বছরের পর বছর সংস্কারবিহীন এই গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, সামান্য বৃষ্টিতেই যা জলকাদায় রূপ নেয়, ফলে এ সড়ক ব্যবহার করা প্রতিদিনই হয়ে উঠছে ভোগান্তির কারণ।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সড়কটি সংস্কার করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণে বছর না যেতেই সড়কটি ভেঙে পড়ে। এরপর থেকে দীর্ঘদিন এর কোনো সংস্কার হয়নি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, এই সড়ক দিয়ে স্থানীয় মানুষ ছাড়াও প্রতিদিন অসংখ্য পর্যটক যাতায়াত করেন। বারদীতে অবস্থিত সাধক লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক ভিটা এবং ছটাকিয়া ঘাটের মেঘনা পাড়Ñ এসব দর্শনীয় স্থানে যাওয়ার একমাত্র ভরসা এই সড়কটি। এ ছাড়া আড়াইহাজার উপজেলার খাগকান্দা, উচিতপুরা, কালাপাহাড়িয়া ইউনিয়নের বাড়ৈপাড়া, কাকাইলমোড়া, নয়নাবাদ, বাহেরচর, চম্পকনগর, তেতৈতলা, লালুরকান্দি, তাতুয়াকান্দা, নয়াপাড়া, খাগকান্দা, মধ্যরচরসহ নানা গ্রামের লোকজন এই পথেই নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকায় যাতায়াত করেন। প্রতিদিন এই সড়কে চলে পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ নানা যানবাহন। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে চালক ও যাত্রীরা পড়ছেন নানা ঝুঁকি ও ভোগান্তিতে।
অটোরিকশা চালক আসলাম বলেন, প্রতিদিনই এ সড়কে গাড়ি চালাতে হয়। ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়। রোজগারের চেয়ে মেরামতের খরচই বেশি পড়ে যায়। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান সামছুর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অসম্ভব হয়ে পড়ে। বৃদ্ধ, শিশু ও রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। এ সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজন।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না করায় জায়গায় জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এই সড়কে চলাচল করতে গিয়ে আমরা ভোগান্তিতে পড়ছি। দ্রুত সংস্কারের দাবি জানাই।
বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, উপজেলার মাসিক সভায় বারবার এই সড়কটির দুরবস্থার কথা বলা হয়েছে। আশা করছি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সড়কটি পরিদর্শন করে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত সংস্কার শুরু হবে। এ ছাড়া মোবাইল মেইনটেন্যান্সের আওতায় ভাঙা অংশ অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ করা হবে।