বগুড়া অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৫ ২০:৫৮ পিএম
বগুড়া সদরের গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে বুধবার (১৪ মে) সকালে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়সংশ্লিষ্টরা জানান, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে কোচিং করানোর কথা বলে ছাত্রীদের নিজ বাসায় ডেকে নিয়ে অশোভন আচরণ করে আসছেন। ছাত্রীর হাত ধরে চলাফেরাও করতে দেখা যায় তাকে। এসব বিষয়ে অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বরং গঠিত তদন্ত কমিটি অভিযোগ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
বিক্ষোভে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, আমরা নিরাপদে পড়তে চাই। এই শিক্ষক আমাদের জন্য হুমকি। তাকে বরখাস্ত না করলে আমরা ক্লাসে ফিরব না।
শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে সঠিক তদন্তের আশ্বাস দেন।
শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘ছাত্রীদের অভিযোগ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’