লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫ ২০:৩১ পিএম
প্রায় ১১ বছর আগে লালমনিরহাটে বিএনপির অবরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে খুঁটি পুঁতে রাস্তার কার্যকারিতা নষ্টের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৪৫ আসামি।
সোমবার (১২ মে) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদিব আলী মামলার সব আসামিকে বেকসুর খালাস দেন। এর আগে ২০১৫ সালের ৬ জানুয়ারি সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকায় ওই ঘটনা ঘটে।
মামলার সরকারি পিপি কেএম হুমায়ুন রেজা স্বপন জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় ওই মামলাটিকে হয়রানিমূলক দাবি করে সব আসামির খালাস দেওয়ার জন্য আদালতে যুক্তি স্থাপন করা হয়। এতে আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের খালাস দেন।
খালাস পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু বলেন, এটি একটি গায়েবি ও ভুয়া মামলা ছিল। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এ মামলা দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করেছিল। আমরা কোর্ট থেকে ন্যায়বিচার পেয়েছি। কোনো ফ্যাসিবাদী সরকার মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না। সেটার প্রমাণ হলো।
মামলার বিবরণে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধে ৬ জানুয়ারি সকাল থেকে শিমুলতলা মোড়ে বিএনপির নেতাকর্মীরা পাকা রাস্তায় খুঁটি পুঁতে এবং রাস্তা খুঁড়ে ব্যারিকেট তৈরি করে। এতে রাস্তার কার্যকারিতা ও কার্যক্ষমতা নষ্টসহ সরকারি সম্পদ নষ্টের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০-৫৫০ জন আসামি করা হয়।