বাড়ি নির্মাণে বাধা
শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১৯:৩৯ পিএম
গাজীপুরের শ্রীপুরে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। চাঁদা না দিলে বাড়ি করতে দেওয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দেন। শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (মক্কা মদিনা) এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বাড়ির মালিক রাসেল আহমেদ অভিযুক্তদের বিরুদ্ধে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
শ্রীপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্তরা হলেনÑ একই এলাকার আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন। আদালতে দেওয়া অভিযোগে রাসেল আহমেদ উল্লেখ করেছেন তিনি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ১৩টি টিনশেড ঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই টিনশেড বাড়ি ভেঙে তিনতলা বাড়ি নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় অভিযুক্ত ওমর ফারুক ও দেলোয়ার হোসেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বাড়ি নির্মাণে বাধা দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বসতবাড়ি নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় আদালতে চাঁদা দাবির মামলা হয়েছে। আদালত ওই মামলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’