ছাত্র-জনতার অভ্যুত্থান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১২ মে ২০২৫ ১৮:৪৫ পিএম
আপডেট : ১২ মে ২০২৫ ১৯:০৮ পিএম
বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ১৫ শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মধ্যে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), অতিরিক্ত পুলিশ সুপার, আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ করেন। বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত মোট ৩০ শহীদ রয়েছে। এদের মধ্যে গতকাল ১৫ শহীদের পরিবারের মধ্যে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
আগৈলঝাড়া উপজেলা ১ জন, বানারীপাড়া উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ উপজেলা ১ জন, হিজলা উপজেলা ৩ জন, গৌরনদী উপজেলা ১ জন, বাবুগঞ্জ উপজেলা ৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা ১ জন এবং মুলাদী উপজেলা ২ জনকে এই সঞ্চয়পত্র দেয়া হয়। পর্যায় ক্রমে সব শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।