চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ মে ২০২৫ ০০:১৭ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় চলতি মাসে এই সেবা চালু করা হয়। তাই হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য ওই এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালনাধীন হাসপাতালসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্দেশ্যে গত ২১ এপ্রিল উভয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা ও সর্বসাধাণের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেয়। এ জন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম’ করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করেছে। হাসপাতালটিতে বর্তমানে অর্থোপেডিক, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া এখানে ল্যাবরেটরি ও রেডিওলজির সেবা বিদ্যমান রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং ইনডোর সার্ভিস পর্যায়ক্রমে চালু হবে।