কুমিল্লা অফিস
প্রকাশ : ১১ মে ২০২৫ ২৩:০৯ পিএম
মিল্লার চান্দিনায় সফিউল্লাহ নামের এক কিশোর হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছে বাবুর্চি। এতে ওই কর্মচারীর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ঘটনায় হোটেল বাবুর্চি কাশেম মিয়াকে আটক করে পুলিশে দিয়েছেন হোটেল মালিক ও কর্মচারীরা।
রবিবার (১১ মে) বেলা পৌনে ৩টায় চান্দিনা উপজেলা সদরের পূর্ব বাজারের ‘রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে ওই ঘটনা ঘটে।
আহত কিশোর সফিউল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহর ছেলে।
বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।
মালিক সফিকুল ইসলাম বলেন, ‘হোটেলের রান্নাঘরে ভাতের মাড় ছাঁকার সময় কর্মচারী সফিউল্লাহর সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে ভাতের গরম মাড় ঢেলে দেওয়া হয়।
চিৎকার শুনে আমি পেছনে গিয়ে এ ঘটনা দেখি। তাৎক্ষণিক তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং বাবুর্চিকে আটক করে থানায় ফোন করে পুলিশে সোপর্দ করি।’
আহত সফিউল্লাহর পিতা কৃষক অলিউল্লাহ বলেন, আমার চার সন্তানের মধ্যে সফিউল্লাহ দ্বিতীয়। মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ার সময় লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তিন মাস আগে তাকে চান্দিনার রনি হোটেলে কাজের জন্য দিই। আমার ছেলে যদি অপরাধ করত, হোটেলের মালিক বা বাবুর্চি আমাকে বলতে পারত। এভাবে আমার ছেলের শরীরে ভাতের মাড় ঢেলে শাস্তি দিল কেন?
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারজানা আক্তার জানান, আহতের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’