জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫ ২২:৫১ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে এক ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কড়ইতলা এলাকার রুওজাতুল সুলতানীয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. উবাইদুল হক গত শুক্রবার রাতে পার্শ্ববর্তী রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে নিজ মাদ্রাসায় ভর্তি করাতে তার বাড়িতে যান। এ সময় ওই ছাত্রীর ভর্তি নিয়ে উবাইদুল হক ও রাবেয়া বসরী মাদ্রাসার শিক্ষক মফিজুর রহমানের সঙ্গে কথাকাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রবিবার সকালে কড়ইতলায় উভয় পক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের এক পর্যায়ে দুই শিক্ষক অনুসারী মন্ডলবাড়ী ও শেখবাড়ীর লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধা ঘণ্টার এ সংঘর্ষে লাঠিসোটা, ইটপাটকেল ব্যবহার করা হয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেনÑ কালাচান মন্ডল (৫০), আশরাফ আলী (৫৫), রবিউল ইসলাম (২০), মুকুল মন্ডল (২৬), আলম মন্ডল (৫৫), হারুন মন্ডল (২৬), আনোয়ার হোসেন (২৬), রিফাত মন্ডল (২২), রমজান শেখ (২৮), রাফাছ শেখ (৪০), জিন্নত শেখ (৫০), রিয়াজল হক (৬০) প্রমুখ। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, একজন ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।