পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫ ২২:৪৯ পিএম
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে বন বিভাগ একটি আহত নীলগাই উদ্ধার করেছে। রবিবার (১১ মে) সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ায় একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নীলগাইটিকে স্থানীয়রা দেখতে পান। পরে জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে নীলগাইটির সুচিকিৎসার ব্যবস্থা করেন।
জানা গেছে, সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে নীলগাই দেখার পর স্থানীয়রা বন বিভাগকে দ্রুত বিষয়টি জানান। গতকাল দুপুরে বন বিভাগের কর্মীরা এসে নীলগাইটি উদ্ধার করেন। এ সময় তার পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
সরকার পাড়া গ্রামের জয়নুল হক বলেন, ‘আমার ভুট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় প্রাণীটি বাইরে বের হতে পারছিল না।’
পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করেছি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে আসার সময় সে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় তাকে সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’