প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১২:৪০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৪ পিএম
মোবাইল কোর্ট পরিচালনা থেকে ছয় মাস বিরত থাকতে গোপালগঞ্জের সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো. মামুন খানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা গ্রামের বাসিন্দা লিটন মণ্ডলকে মোবাইল কোর্টের মাধ্যমে করা জরিমানা কেন অবৈধ হবে না—সেটি জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা গ্রামের বাসিন্দা লিটন মণ্ডল তার ড্রেজিং মেশিন দিয়ে স্থানীয়দের জমি ভরাটের কাজ করছিলেন। গত ১০ সেপ্টেম্বর সদর উপজেলার এসিল্যান্ড মো. মামুন খান তার ড্রেজিং মেশিন জব্দ করে নিয়ে আসেন। পরে লিটন মণ্ডল এসিল্যান্ডের কার্যালয়ে গেলে মামুন খান মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
রাসেল চৌধুরী বলেন, ‘এ ছাড়া ড্রেজিং মেশিনের সঙ্গে জব্দ করে আনা পাইপগুলো ভেঙে ফেলেন এসিল্যান্ড। পরে এই ঘটনা এসিল্যান্ড অফিসের ফেসবুক পেজেও পোস্ট করেন মামুন খান। মোবাইল কোর্টের মাধ্যমে অফিসে ডেকে জরিমানা করার বৈধতা চ্যালেঞ্জ ও মামুন খানের মোবাইল পরিচালনার ক্ষমতা স্থগিত চেয়ে রিট করেন লিটন মণ্ডল। ওই রিটের প্রাথমিক শুনানি করে হাইকোর্ট গোপালগঞ্জের সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো. মামুন খানকে মোবাইল কোর্ট পরিচালনা থেকে ছয় মাস বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।’
আদালতে রিটের পক্ষে আইনজীবী শরিফ আহমদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল শুনানি করেন।