× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ৩ কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, একটি বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ১৪:৪৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১১ মে) সকাল থেকে মহানগরীর তিনসড়ক এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির ছাঁটাই হওয়া শ্রমিকরা ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। কারখানা দুটি একই মালিকানাধীন।

জানা যায়, ওই কারখানা দুটিতে শ্রমিক আন্দোলনের জেরে ২০২৩ সালে অনেক শ্রমিক ছাঁটাই করা হয়। তাদের দাবি, তারা ১৪ মাসের বেতন পাবেন। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মের ৭ তারিখ বাকি বকেয়া পরিশোধ করার কথা ছিল। গত তিনদিন অপেক্ষার পর বকেয়া টাকা না পেয়ে আজ সকালে কারখানার সামনে যান পাওনাদার শ্রমিকরা। টাকা না পেয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে বকেয়া বেতন ও কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে থাকা কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা আজ সকালে গিয়ে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ ঝুলছে।

এতেলেখা রয়েছে, ‘মার্কা সোয়েটার লিমিটেড কারখানার সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০(১) অনুযায়ী ১১ মে রবিবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, নিরাপত্তা প্রহরী এবং প্রশাসনিক কাজে নিযোজিত ব্যক্তিরা এই নোটিশের আওতামুক্ত থাকবে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানান, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছেন। আজ তাদের এ ব্যপারে কাজের দর প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ। এসময় তারা কারখানা খুলে দেওয়ার বিক্ষোভ শুরু করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কাজের রেট, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিলেন। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।’

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ওই কারখানা দুটির (স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি) ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের পাওনার জন্য বিক্ষোভ করছেন। তাদের বেতন পাওনার অধিকার রয়েছে।’

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকার করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা