× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫ ১৯:০১ পিএম

নিহত জয় হাসান

নিহত জয় হাসান

গাজীপুরের শ্রীপুরে খেলার মাঠের কথা কাটাকাটির জেরে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে জয় হাসান (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে অন্য এক সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের (২০) বাড়িতে আগুন দিয়েছে।

শনিবার (১০ মে) সকালে নিহত জয়ের বাবা বোরহান উদ্দিন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর তিন নম্বর আসামি আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। এর আগে রাত ১০টার দিকে উপজেলার লোহাগাছ ফালু মার্কেট এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

নিহত জয় ওই এলাকার বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দশম শ্রেণিতে পড়ত। অভিযুক্ত মোজাম্মেল হক একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে পাশের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় রাস্তার পাশে বসে জয় ও তার অন্য সহপাঠীরা আড্ডা দিচ্ছিল। এ সময় মাঠের ফুটবল খেলা নিয়েও কথা হচ্ছিল। এ সময় তাদের আরেক সহপাঠী মোজাম্মেল এসে তাদের সাথে মাঠের খেলা নিয়ে তর্কে জড়ান। এক সময় তাদের এক সহপাঠীকে মোজাম্মেল গালিগালাজ করে। এ নিয়ে জয় প্রতিবাদ করে আর মোজাম্মেলের সঙ্গে তর্কে জড়ায়। পরে মোজাম্মল ক্ষীপ্ত হয়ে জয়কে খুন করার হুঁমকি দিয়ে চলে যায়। জয়ও বাসায় চলে আসে। এ ঘটনার জেরেই মোজাম্মেল মোবাইল ফোনে কল দিয়ে জয়কে সরকার মার্কেটে আসতে বলে। এরপর জয় ওখানে গেলে মোজাম্মেল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত শুক্রবার মধ্যরাতে অভিযুক্ত মোজাম্মেলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির তিনটি টিনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি স্থানীয় লোকজন। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মী মাহমুদুল হাসান বলেন, আগুনে কেউ হতাহত হননি। তবে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শুক্রবার রাতে লোহাগাছ এলাকায় এক স্কুলছাত্র ছুরিকাঘাতে মারা গেছে। রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল হককে ধরার চেষ্টা চলছে। বিক্ষুব্দ জনতা মূল আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা