প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ১০:২২ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫ ২০:২৮ পিএম
দেশের সীমানায় প্রবেশ করেছে মাঝারি থেকে প্রায় শক্তিশালী এক বৃষ্টিবলয়। এটি আংশিক বৃষ্টিবলয় হওয়ায় দেশের সব এলাকায় সমানভাবে ঝরানোর সম্ভাবনা কম। তবে পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এ বৃষ্টিবলয়টি ৫ মে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সোমবার (২৮ এপ্রিল) বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, এ বৃষ্টিবলয়টি অধিক সক্রিয় থাকবে সিলেট, ঢাকা, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং মাঝারি সক্রিয় থাকবে রাজশাহী ও বরিশাল বিভাগে। এ ছাড়া সবচেয়ে কম সক্রিয় থাকবে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টিবলয়ের প্রভাবে বিভিন্ন এলাকায় কালবৈশাখি এবং অপেক্ষাকৃত তীব্র বজ্রপাত হতে পারে। তবে একটানা বর্ষণ বা বন্যার কোনো আশঙ্কা নেই। এ সময়ে সাগর বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ থাকতে পারে তবে হঠাৎ কালবৈশাখির কারণে সাময়িক উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি পূর্বাভাসে জানায়, বৃষ্টিবলয় চলাকালে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকার সম্ভাবনা বেশি। বৃষ্টিপাত মূলত আকস্মিক ও স্বল্পস্থায়ী হতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে কালো মেঘ এবং দমকা হাওয়া বয়ে এসে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, এ বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। পাশাপাশি অধিকাংশ এলাকায় আবহাওয়া আরামদায়ক থাকতে পারে। তবে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহের আভাসও রয়েছে। এ ছাড়া বন্যার কোনো সতর্কতা না থাকলেও সিলেট অঞ্চলের নিম্নাঞ্চলে পানি বাড়তে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয় চলাকালে বিভিন্ন বিভাগে গড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
* ঢাকা : ৭০-১০০ মিলিমিটার (গড়ে ৬ দিন)
* খুলনা : ৭০-১৩০ মিলিমিটার (গড়ে ৫ দিন)
* বরিশাল : ৫০-৮০ মিলিমিটার (গড়ে ৫ দিন)
* সিলেট : ৯০-১৪০ মিলিমিটার (গড়ে ৮ দিন)
* ময়মনসিংহ : ৭০-৯০ মিলিমিটার (গড়ে ৭ দিন)
* রাজশাহী : ৪০-৭০ মিলিমিটার (গড়ে ৫ দিন)
* রংপুর : ৫০-৮০ মিলিমিটার (গড়ে ৫ দিন)
* চট্টগ্রাম : ১৫-৫০ মিলিমিটার (গড়ে ৩/৫ দিন)
এ ছাড়া জেলাভিত্তিক বৃষ্টিপাতের একটি গড় ধারণাও দিয়েছে বিডব্লিউওটি। তাদের তথ্যানুযায়ী, সিলেট জেলায় ১৪০ মিলিমিটারের বেশি এবং শেরপুরে ১৯০ মিলিমিটারের বেশি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলার পূর্বাভাসও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।