চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২২:২৯ পিএম
চট্টগ্রামভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ফ্যাক্টরি ভবন ও গুদামঘরসহ প্রায় ১১ একর জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রায় ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ টাকা আদায়ের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
রবিবার (২০ এপ্রিল) ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এ নিলামের দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা। আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। আগামী ১৪ মে দুপুর ২টা পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখায় রাখা বক্সে আগ্রহীরা দরপত্র জমা দিতে পারবেন। ওইদিন দুপুর ৩টায় দরপত্রদাতাদের সামনে দরপত্রের ব্ক্স খোলা হবে।
ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধানের দেওয়া এ বিজ্ঞপ্তিতে এস আলমের তিনটি রেজিস্টার্ড মর্টগেজ নিলামে তোলার বিষয় উল্লেখ করা হয়।
মর্টগেজকৃত সম্পদগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় ১০ দশমিক ৯৩ একর জায়গা এবং এসব জায়গার উপর কারখানা-গুদাম ও ভবনসহ পুরো স্থাপনা।