খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১১:০৬ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫ ১২:২৯ পিএম
পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে এবার মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫) নামে দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহৃতরা একটি বেসরকারি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানিতে কর্মরত রয়েছেন।
গতকাল শনিবার দুপুরের দিকে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘর এলাকার ময়ূরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, একটি মোবাইল কোম্পানির দুজন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে বিষয়টি নিয়ে কেউ কোনো নিখোঁজ অভিযোগ করেননি।
জানা গেছে, এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। শুধু তাই নয়, ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় ৮টি মোবাইল ফোনের টাওয়ার ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।