মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১২:৪৮ পিএম
প্রবা ফটো
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইতোমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। সেগুলো নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্র কাননে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে।’
‘এই সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে,’ বলেন তিনি।
এসময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পূর্ণ সংস্কার করা হবে বলে জানান তিনি।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে গার্ড অব অনার প্রদান, জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপদেষ্টা।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।