× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিগ্রহণ জটিলতায় বন্ধ সেতুর কাজ

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১০:৪৩ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর দেশের বৃহৎ দুটি আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। নগরীর কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের জটিলতায় রহমতপুর সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকার পরও এক বছরেও জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে সেতু নির্মাণের কাজ। এতে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি।

ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যানজট নিরসনে ব্রহ্মপুত্র নদের ওপর একাধিক সেতু নির্মাণের। দুই বছর আগে সার্কিট হাউস মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ময়মনসিংহ জেলায় ২৩টি, নেত্রকোণায় ১২টি ও জামালপুরের ৫টিসহ ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতুর উন্নয়নকাজের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসবের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ছিল ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী ও রহমতপুর এলাকায় আর্চ স্টিল সেতু নির্মাণের কাজ। সেতু দুটি বাস্তবায়ন হচ্ছে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী সেতু প্রকল্পে রয়েছে ১ হাজার ৪৭১ দশমিক ৬৬ মিটার দীর্ঘ ২ লেনের পাশাপাশি ৩৩০ মিটার দীর্ঘ। কেওয়াটখালী সেতু প্রকল্পে খরচ ধরা হয়েছে দুই হাজার একশ কোটি টাকা। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ করার কথা। ইতোমধ্যে কেওয়াটখালি সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করছে চায়না স্টেট কনস্ট্রাকশন-স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিয়াং প্রতিষ্ঠান। গত এক বছর এই সেতুর ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান প্রজেক্ট ম্যানেজার। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবে বলে জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সেতুর কাজ শেষ হলে সংযোগ সড়কটি মূল সেতুর সঙ্গে থাকবে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এই সেতুতে ২০২ মিটার র‍্যাম্পসহ ভারী যান চলাচলের জন্য ৪টি এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য ২টিসহ মোট ৬টি লেন থাকবে।

কেওয়াটখালি আর্চ স্টিল সেতু প্রকল্পের ম্যানেজার প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সেতুর দুই পাশে পাইলিংয়ের কাজ চলছে। এই পর্যন্ত ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরোদমে কাজ চলছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে। তবে এক জায়গায় জমি অধিগ্রহণের সমস্যা রয়েছে। তবে দ্রুতই তা সমাধান হবে।

এ ছাড়া ময়মনসিংহ নগরীর রহমতপুরে ব্রহ্মপুত্র নদের ওপর আরও একটি আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ হওয়ার কথা। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩৬০ কোটি টাকা। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, হাসান টেকনো বিল্ডার্স ও মাছুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডÑ এই তিন ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করবে বলে জানা গেছে। সেতু নির্মাণে ২০২৩ সালের অক্টোবরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সব প্রস্তুতি শেষ করে। রহমতপুর এলাকায় জনবল, কারিগরি ও যন্ত্রাংশ প্রস্তুত করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় এক বছরেও কাজ শুরু করতে পারেনি এই ঠিকাদারি প্রতিষ্ঠান। নদের ওপর দিয়ে মালামাল নেওয়ার ব্যবস্থা করা হলেও জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে এই সেতুর নির্মাণকাজ।

সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলবাসীর অর্থনৈতিক উন্নতি হবে বলে আশা এলাকাবাসীর।

তবে জমি অধিগ্রহণের আগে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এলাকাবাসী জানিয়েছেন, ‘সেতু নির্মাণের কাজ শুরু করার আগে এলাকাবাসীর জমির টাকা বুঝিয়ে দিতে হবে।’ 

রহমতপুর এই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, ‘প্রায় দেড় বছর আগে সেতু নির্মাণে সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছি আমরা।’

এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার সাদ্দাম হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী এলাকায় দেশের বৃহৎ আর্চ স্টিল সেতুর কাজ শুরু হয়েছে। কিন্তু রহমতপুর এলাকায় কাজ করতে গিয়ে। ভূমি অধিগ্রহণে জটিলতা দেখা দিয়েছে। তবে তা শেষ করে দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা