× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২৬ পিএম

মুন্সীগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ করা যায় কি না, হয়তো এক মাস কিংবা দুই মাসের মধ্যে কীভাবে কাজ শুরু করা যায়। এজন্য আমরা চেষ্টা করছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়ন-সংক্রান্ত আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলার প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহর সম্পাদনায় প্রণীত ‘প্রত্নকথা’ নামক ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মেডিকেল কলেজের জন্য ইতোমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজের কাজ শেষ করি, তারপর হয়তো আমরা বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘মুন্সীগঞ্জের ভাঙা রাস্তা মেরামত, কুণ্ডেরবাজার ব্রিজ ও দিঘিরপাড় সেতু, পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জ পৌরভবন এবং শিল্পকলা একাডেমির উন্নয়ন, কাটাখালী খাল সংস্কারসহ জেলার প্রয়োজনীয় জরুরি উন্নয়ন করা হবে।’

ইদ্রাকপুর দুর্গ সংস্কারের ব্যাপারে তিনি বলেন, ‘আপনারা জানেন বিক্রমপুরে ঐতিহ্য নিদর্শন কিন্তু অনেক বেশি। এর মধ্যে ইদ্রাকপুর কেল্লা একটি। কীভাবে এই দুর্গের ইম্প্রুভ করা যায়, সে ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসছেন। তিনি আমাদের এ বিষয়ে একটি ভালো আইডিয়া দিয়েছেন। উনি তার তহবিল থেকে টাকাও দেবেন। আমরা তা দিয়ে কেল্লার সংস্কার করব।’

সভায় জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা-সংক্রান্ত প্রকল্প ও কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প, মাওয়া ফেরিঘাট অঞ্চল উন্নয়ন প্রকল্পসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের পরিকল্পনা ও প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা