যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ২০:১৪ পিএম
দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। প্রবা ফটো
যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যানজট ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- রুবেল ও তার মেয়ে ঐশী। রুবেল যশোর সদর উপজেলার বুজঘুনি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুবেল, তার স্ত্রী ও দুই মেয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রাজগঞ্জ রোড থেকে পলিরহাট বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মেয়ে ঐশী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এরপর বাসটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে আরও একটি প্রাইভেটকারকে চাপা দেয় বাসটি। পরে চালক ও সহকারী চালক বাসটি রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মী ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। তারা বাসের আগুন নিয়ন্ত্রণে নেয় এবং সড়কে বাস চলাচল স্বাভাবিক করে।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স পবিত্র বিশ্বাস বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রুবেল, তার দুই মেয়ে ও স্ত্রীকে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আধা ঘণ্টা আগেই মেয়ে ঐশীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত রুবেল, তার স্ত্রী ও আরেক সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। এর ২০ মিনিট পরে রুবেলের মৃত্যু হয়। আহত রুবেলের স্ত্রী ও আরেক মেয়ের অবস্থা এখনও সংকটাপন্ন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মমিনুর রহমান বলেন, আসরের নামাজের সময় খবর পাই সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মী ও সেনাবাহিনী বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।